স্পোর্টস রিপোর্টার,ঢাকা:ডব্লিউটিএ নিউ হ্যাভেন হার্ড কোর্ট টুর্নামেন্টের ফাইনালে উঠেছেন বর্তমান উইম্বলডন চ্যাম্পিয়ন পেট্রা কেভিতোভা। ফাইনালে তার প্রতিপক্ষ স্লোভাকিয়ার মানডেলেনা রিবারিকোভা।
টুর্নামেন্টের দ্বিতীয় ও বিশ্বের চতুর্থ বাছাই চেক প্রজাতন্ত্রের কেভিতোভা সেমিফাইনালে অস্ট্রেলিয়ান সামান্থা স্টোসারকে ৬-৩, ৬-১ সেটে পরাজিত করে ফাইনালে উন্নীত হন।
অপর সেমিফাইনালে রিবারিকোভা ৬-২, ৬-৪ গেমে ইতালির ক্যামিলা জর্জিওকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেন। বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেনের আগে এটাই শেষ হার্ডকোট প্রস্তুতিমূলক টুর্নামেন্ট।
২০১২ সালের নিউ হ্যাভেন চ্যাম্পিয়ন কেভিতোভা গত বছর ফাইনালে সিমোনা হালেপের কাছে পরাজিত হয়ে শিরোপা হাতছাড়া করেছিলেন। ইউএস ওপেনে কেভিতোভা তৃতীয় বাছাই হিসেবে কোর্টে নামবেন। ফাইনালে জিততে পারলে এটি হবে কেভিতোভার ১৩তম ডব্লিউটিএ শিরোপা।
ইয়েল ইউনিভার্সিটি কোর্টে গতকাল সেমিফাইনালে রিবারিকোভা তার প্রতিপক্ষ থেকে র্যাংঙ্কিংয়ে ৩০ স্থান নিচে থেকেও দারুণ এক ম্যাচের মাধ্যমে ফাইনালে উঠেছেন। ২৫ বছর বয়সী এই স্লোভাকিয়ান ম্যাচ জিততে মাত্র ৮৩ মিনিট সময় ব্যয় করেছেন।
এর আগে মঙ্গলবার তিনি বর্তমান চ্যাম্পিয়ন ও শীর্ষ বাছাই হালেপকেও পরাজিত করেন। ক্যারিয়ারে এটি তার ষষ্ঠ ফাইনাল। পঞ্চম ডব্লিউটিএ শিরোপা জয়ের লক্ষ্যেই তিনি কোর্টে নামবেন। ২০১২ ও ২০১৩ সালে ওয়াশিংটন, ২০১১ সালে মেমফিস এবং ২০০৯ সালে বার্মিংহামে শিরোপা জিতেছিলেন তিনি।
খবর বিভাগঃ
খেলাধুলা

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়