Tuesday, May 19

কানাইঘাটে ভূমিসেবা মেলার উদ্বোধন, ডিজিটাল সেবায় মিলবে ভূমির সমাধান


নিজস্ব প্রতিবেদক :

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি-সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে কানাইঘাট উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা–২০২৬।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় উপজেলা ভূমি অফিসের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, ভূমিসেবা গ্রহণকারীসহ সর্বস্তরের জনসাধারণ ও শিক্ষার্থীরা অংশ নেন।

র‌্যালি শেষে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে স্থাপিত সেবা কেন্দ্রে ৩ দিনব্যাপী এই ভূমিসেবা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহদী হাসান শাকিল।

উদ্বোধন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে ডিজিটাল ভূমিসেবা ও স্মার্ট ভূমি ব্যবস্থাপনা বিষয়ে এক জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস চক্রবর্তী তুষার-এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মেহদী হাসান শাকিল বলেন, বর্তমান সরকার ভূমিসেবা সহজ ও জনবান্ধব করতে এবং স্মার্ট ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি বলেন, এখন নাগরিকরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে নামজারি, ই-নামজারি, শুনানি, খতিয়ান উত্তোলন, ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন সেবা গ্রহণ করতে পারেন। কোনো দালাল বা মধ্যস্থতাকারীর শরণাপন্ন না হয়ে সহজেই এসব সেবা পাওয়া সম্ভব। মূলত জনগণকে সচেতন করা এবং ডিজিটাল সেবার সাথে পরিচিত করতেই এই ভূমিসেবা মেলার আয়োজন।

সভায় ভূমি সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. সুবল চন্দ্র বর্মন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, ভূমিসেবাগ্রহীতাদের মধ্যে চিত্রশিল্পী ভানু লাল দাস, শ্যামল কুমার দাস ও জাহাঙ্গীর আলম প্রমুখ।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়