আন্তর্জাতিক ডেস্ক,কানাইঘাট নিউজ:
ইয়েমেনে রক্তক্ষয়ী সংঘর্ষ থামাতে এবার উদ্যোগী হল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বুধবার বিদ্রোহী হুথিদের উপর ওই অস্ত্র সংক্রান্ত নিষেধাজ্ঞা জারি করা হয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ প্রস্তাব দিয়েছে, হুথিরা অবিলম্বে লড়াই বন্ধ করে, রাজধানী সানাসহ দখল করা সমস্ত এলাকা ছেড়ে চলে যাক। সৌদি আরব সমর্থিত ইয়েমেনের প্রেসিডেন্ট আবদ রাব্বুহু মানসুর আল হাদি ক্ষমতাচ্যুত হওয়ার পর ওই দেশের বেশির ভাগ অংশই এখন ইরান সমর্থিত হুথিদেরই দখলে।
এছাড়াও, নিরাপত্তা পরিষদ ইয়েমেনের রিপাবলিকান গার্ডের প্রাক্তন প্রধান আহমেদ সালেহ এবং হুথি নেতা আবদুল মালিক আল-হুথির বিশ্বজুড়ে সব সম্পত্তি ফ্রিজ করেছে। এর সঙ্গে তাঁদের উপর জারি করা হয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞাও। এই প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১৪টি। রাশিয়া অবশ্য ভোটদানে বিরত থাকে।
হুথিরা এই পদক্ষেপের সমালোচনা করে বলেছে, এর মাধ্যমে নিরাপত্তা পরিষদ ইয়েমেনের উপর ‘আগ্রাসন’কেই সমর্থন করল। একটি টিভি চ্যানেলে তাদের শীর্ষ নেতৃত্ব বৃহস্পতিবার এক ধিক্কার মিছিলের ডাক দিয়েছে।
অন্যদিকে, বুধবার মিশর জানিয়েছে, তারা সৌদি আরবের সঙ্গে ইয়েমেনে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করেছে। তিন সপ্তাহ ধরে সৌদি বাহিনীর নেতৃত্বে কয়েকটি উপসাগরীয় দেশের মিলিত বাহিনী ইয়েমেনে হুথি ঘাঁটিতে বিমানহানা চালাচ্ছে।
অন্যদিকে, বুধবার, লিসবনে ইরানের বিদেশমন্ত্রী মোহাম্মদ জাভেদ জরিফ বলেছেন ইয়েমেনে বিমানহানা বন্ধ করতে তাঁর দেশ সব রকম চেষ্টা চালাবে। এ বিষয়ে ওমান এবং সৌদি আরবের দুই সুন্নিপ্রধান মিত্র দেশ তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে ইরানের আলোচনাও হয়েছে। এই তিনটি দেশ সৌদি আরব নেতৃত্বাধীন মিলিত বাহিনীর অংশ নয়।
এরই পাশাপাশি, জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন আশঙ্কা প্রকাশ করেছে যে ইয়েমেনের দীর্ঘস্থায়ী যুদ্ধের ফলে বীজ রোপণ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সে দেশে তীব্র খাদ্যসঙ্কট দেখা দিতে পারে।
সংস্থাটি জানিয়েছে জীবিকা প্রকল্পের জন্য বরাদ্দ ১ কোটি ২০ লাখ ডলার থেকেমাত্র ৪০ লাখ ডলার পাওয়া গেছে। দু কোটি ৬০ লাখের ইয়েমেনে ১ কোটিরও বেশি মানুষ খাদ্য নিরাপত্তা পান না। এক কোটি ৬০ লাখেরও বেশি মানুষ পরিশ্রুত পানীয় জল পান না।
যুদ্ধের ফলে জোগানে টান পড়ায় বাড়তে শুরু করেছে খাদ্য ও নিত্যপণ্যের দামও। হোদাইদাহ বন্দরে খাবারের দাম হয়েছে দ্বিগুণ আর জ্বালানির দাম বেড়েছে চারগুণ।
খবর বিভাগঃ
দেশের বাইরে

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়