Thursday, April 16

অবশেষে ঘরে ফিরলেন রাহুল


আন্তর্জাতিক ডেস্ক,কানাইঘাট নিউজ: সব কানাঘুষার অবসান ঘটিয়ে দিল্লিতে ফিরেছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী। ৫৬ দিন পর আজ বৃহস্পতিবার তিনি ঘরে ফেরেন। টাইমস অফ ইন্ডিয়া অনলাইনের এক খবরে জানানো হয়, আজ ভারতীয় সময় বেলা সোয়া ১১টার দিকে থাই এয়ারওয়েজের একটি উড়োজাহাজে করে ব্যাংকক থেকে ফেরেন রাহুল। সূত্র জানায়, উড়োজাহাজটি সকাল ১০টা ৩৫ মিনিটে অবতরণ করার কথা ছিল। কিন্তু এটি ৪০ মিনিট দেরিতে পৌঁছে। ছেলের ফেরা উপলক্ষে মা কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী দুপুর ১২টায় তুঘলক রোডে রাহুলের বাড়িতে ছুটে যান। এর আগে যান বোন প্রিয়াঙ্কা গান্ধী। দল থেকে ছুটি নিয়ে ১৬ ফেব্রুয়ারি থেকে ‘বিশ্রামে’ ছিলেন রাহুল। এরপর তিন দফায় ছুটি বাড়িয়েছেন তিনি। এ নিয়ে তাঁর সমর্থক ও বিরোধীদের মধ্যে নানা গুঞ্জন ছিল। কেউ বলছেন, তিনি নতুন আরও বড় দায়িত্ব নেওয়ার আগে ‘রাজনৈতিক আত্মানুসন্ধানে’ ব্যস্ত। কেউবা বলেছেন, নিজের মতো দল সাজাতে না পারায় ক্ষুব্ধ রাহুল গা ঢাকা দিয়েছেন। দলের কেউ তাঁর বর্তমান অবস্থান সম্পর্কে সঠিক তথ্য জানাতে পারছিলেন না। এর মধ্যে রাহুলকে ‘নিখোঁজ’ ঘোষণা দিয়ে উত্তর প্রদেশ রাজ্যের বিভিন্ন স্থানে পোস্টার সাঁটানোর ঘটনা ঘটিয়েছে বিজেপি। আমেথি ‘নেতাহীন’ হয়ে পড়েছে বলেও পোস্টারে উল্লেখ করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়