ঢাকা: হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- হাবের দ্বি-বার্ষিক (২০১৫-১৭) নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করেছে ইব্রাহিম বাহারের নেতৃত্বাধীন গণতান্ত্রিক ফোরাম। বৃহস্পতিবার ভোর পাঁচটার পর চূড়ান্ত ফল ঘোষণা দেয়া হয়।
কার্যনির্বাহী কমিটির ২৭ পদের জন্য নির্বাচন হয়। এর মধ্যে ২৫টিই জিতেছে আওয়ামী লীগপন্থি হিসেবে পরিচিত এ প্যানেল। সর্বোচ্চ ৫৮৫ ভোট পেয়েছেন প্যানেলপ্রধান ইব্রাহিম বাহার। অন্যদিকে জামায়াতপন্থি আব্দুস শাকুর-গোলাম সরোয়ারের নেতৃত্বাধীন প্যানেল জয়ী হয়েছে দুটি পদে। এদের মধ্যে গোলাম সরোয়ার পেয়েছেন ৪৮৭ ভোট। বিজয়ী অন্যজন হলেন মাওলানা কফিল উদ্দিন।
এই নির্বাচনে সবাই কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের মধ্য থেকে পরে কমিটি গঠন করা হবে।
বুধবার সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ভোটগ্রহণ হয়। গণনা শেষ ভোর পাঁচটার কিছু সময় পর। এরপর বিজয়ীদের নাম ঘোষণা করেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হারুন অর রশিদ।
নির্বাচনে মোট এক হাজার ১২২৯ ভোটারের মধ্যে ৯২১ জন ভোট দিয়েছেন।
হাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে ২৭টি, ঢাকা আঞ্চলিক কমিটির ১৩টি, চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সাতটি ও সিলেট আঞ্চলিক কমিটির সাতটিসহ মোট ৫৪টি পদে নির্বাচনে ভোটগ্রহণ হয়।
খবর বিভাগঃ
রাজনীতি

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়