নিজস্ব প্রতিবেদক:
হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের পুণ্যার্থীদের উৎসবমুখর উপস্থিতিতে কানাইঘাটের গাছবাড়ী ভাড়ারি মাটি শ্রী শ্রী গোপীনাথ ঠাকুরের আখড়ার ৩ দিনব্যাপী অষ্টপ্রহর হরিনাম লীলা সংকীর্ত্তণ ধর্মীয় অনুষ্ঠান আজ শনিবার সম্পন্ন হয়েছে। শত বছরের পুরনো কানাইঘাটের প্রাচীনতম এ আখড়ায় প্রথানুযায়ী প্রতিবছর হিন্দু সম্প্রদায়ের লোকজনদের অংশগ্রহণে ধর্মীয় অনুষ্ঠানমালা পালিত হয়ে আসলেও এলাকার একটি প্রভাবশালী চক্র এ আখড়ার দেবত্তর সম্পত্তি জালিয়াতির মাধ্যমে দখলের চেষ্টা এবং দীর্ঘদিন ধরে আখড়ায় অবস্থিত ছোট বড় মন্দিরগুলো সংস্কার না হওয়ায় আখড়ার ঝরাজীর্ণ দশাসহ নানা কারনে বিগত ২৫ বছর ধরে শ্রী শ্রী গোপীনাথ ঠাকুরের আখড়ায় ধর্মীয় অনুষ্ঠান পালন বন্ধ ছিল। আখড়ার জায়গা দখল নিয়ে স্থানীয় ও জাতীয় পত্রিকায় কয়েকমাস পূর্বে
স্থানীয় সাংবাদিকদের বরাত দিয়ে একাধিক সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের টনক নড়ে। উর্ধ্বতন প্রশাসনের বাস্তব পদক্ষেপ গ্রহণের কারনে নির্ভয়ে আখড়া পরিচালনা কমিটির উদ্যোগে গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ৩ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান আখড়া প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উক্ত ধর্মীয় অনুষ্ঠানে কানাইঘাট, জকিগঞ্জ, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, জৈন্তাপুর ও সিলেট সদর উপজেলার হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের লোকজনের সমাগম ঘটে। এলাকার মুসলিম সম্প্রদায়ের সর্বস্তরের মানুষ হিন্দু সম্প্রদায়ের লোকজনদের সাথে শুভেচ্ছা বিনিময় করে তাদের সার্বিক সহযোগিতা করেছেন বলে উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী গত শুক্রবার আখড়ায় উপস্থিত হয়ে পূণ্যার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করে এ আখড়ার উন্নয়ন ও সংস্কারের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি কানাইঘাটকে সাম্প্রদায়িক সম্প্রীতির জনপদ উল্লেখ করে বলেন, যুগ যুগ ধরে এখানে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের লোকজন শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়