নিজস্ব প্রতিবেদক ::
সিলেট-৫( কানাইঘাট-জকিগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি আবুল হাসান বলেছেন, পর্যায়ক্রমে কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার সকল সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। সরকারের উন্নয়নমূলক কার্যক্রম ও জনসেবামূলক কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিদের নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় কানাইঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা এবং উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় নবনির্বাচিত এ সংসদ সদস্য বলেন, কানাইঘাট-জকিগঞ্জ উন্নয়নের দিক থেকে অনেকাংশে পিছিয়ে রয়েছে। তিনি ইতোমধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন উল্লেখ করে জানান, সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে এলাকার মানুষের প্রাপ্তি ও প্রত্যাশা পূরণে তিনি “জনগণের খাদেম” হিসেবে কাজ করে যাবেন।
প্রাথমিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শিক্ষার মূল ভিত্তি হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় কোমলমতি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে আগামী দিনের সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, শিক্ষাক্ষেত্রে কানাইঘাট পিছিয়ে থাকলেও শিক্ষকদের আন্তরিকতা ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে প্রাথমিক শিক্ষার গুণগত মানে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
দল-মতের ঊর্ধ্বে উঠে কানাইঘাট ও জকিগঞ্জের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত করায় দুই উপজেলার জনগণকে অভিনন্দন জানান এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ায় সংশ্লিষ্ট সকল কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান শাকিল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিস-এর স্থানীয় নেতৃবৃন্দসহ সহযোগী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভা শুরুর আগে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস চক্রবর্তী তুষার, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়