Wednesday, September 10

কানাইঘাটে ৫ পেশাদার জুয়াড়ি আটক


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট ৩নং দিঘীরপার ইউপির চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরীর নেতৃত্বে এলাকার সচেতন মহল আজ সোমবার ইউপির দক্ষিণ কুওরেরমাটি গ্রামের মৃত জলাল উদ্দিনের পুত্র জয়নাল আবেদীনের বাড়ী ঘেরাও করে আন্তঃজেলা জুয়াড়ি চক্রের ৫ সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। জানা যায়, দীর্ঘদিন ধরে কুওরের মাটি গ্রামের জয়নাল আবেদীনের বসত বাড়ীতে সিলেটের বিভিন্ন উপজেলার পেশাদার জুয়াড়িরা সমবেত হয়ে মোটা অংকের টাকার বিনিময়ে জুয়ার আসর বসাতো। পূর্বে কয়েকবার কানাইঘাট থানা পুলিশ উক্ত বাড়িতে অভিযান চালালেও জুয়াড়িদের আটক করতে পারেনি। অভিযানের পূর্বেই জুয়াড়ীদের নিয়োগকৃত সোর্সের মাধ্যমে খবর পেয়ে তারা পালিয়ে যেত। আজ বেলা আনুমানিক ২টার সময় জয়নাল আবেদীনের বাড়িতে বিভিন্ন উপজেলার পেশাদার জুয়াড়িরা একত্রিত হয়ে জুয়ার আসর বসালে খবর পেয়ে ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, ইউপি আনসার ভিডিপি কমান্ডার বশির উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য বদরুল ইসলাম, কমিউনিটি পুলিশ ও ইউপি গ্রাম পুলিশের সদস্যরা একত্রিত হয়ে জয়নাল আবেদীনের বাড়ী ঘেরাও করে ফেলেন। এ সময় ১৫/২০ জন জুয়াড়ি দ্বিগবিদিক পালিয়ে যেতে সক্ষম হলেও ৫ জুয়াড়িকে আটক করা হয়। আটককৃত জুয়াড়িরা হলো কানাইঘাট উপজেলার গাজীপুর রাজাগঞ্জ গ্রামের মৃত মহব্বত আলীরপুত্র রফিক মিয়া (৫০), বড়বন্দ গ্রামের জসিম উদ্দিনের পুত্র খসরু (৪০), নারাইনপুর গ্রামের সিরাজ উদ্দিনের পুত্র হারুনুর রশিদ (৪৫), জৈন্তাপুর উপজেলার সরুখেল গ্রামের সামছুল হকের পুত্র জালাল উদ্দিন ও ডেমার গ্রামের মৃত নূর উদ্দিনের পুত্র জৈন উদ্দিন (৫০)। থানা হাজতে আটক জুয়াড়িদের আজ ভ্রাম্যমান আদালতে হাজির করা হবে বলে থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরী জানিয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়