Sunday, January 13

:: মোনাজাতে অংশ নিলেন খালেদা জিয়া ::

রোববার বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন বিএনপির চেয়ারপার্সন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। টঙ্গীর এটলাস হোন্ডা কারখানার ছাদে বিশেষভাবে তৈরি মঞ্চ থেকে খালেদা জিয়া আখেরি মোনাজাতে অংশ নেন।



আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুসল্লিদের যাতায়তের সুবিধার্থে যানজট এড়াতে গণভবনে বসে ডিজিটাল পদ্ধতিতে মোনাজাতে অংশ নিয়েছেন বলে জানা গেছে।



খালেদা জিয়া ইজতেমাস্থলে পৌঁছেন বেলা সাড়ে ১১ টায় ইজতেমা স্থলে এসে পৌঁছান। তার সঙ্গে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, খালেদা জিয়ার প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান, বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাড. মাসুদ আহমেদ তালুকদার ও মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।



বেলা ১২টা ৫৬ মিনিটে মুনাজাত শুরু হয়। শেষ হয় ১টা ২২ মিনিটে। ২৪ মিনিট স্থায়ী এই মোনাজাতে দুহাত ঊর্ধ্বমুখী করে বিশ্ব ইজতেমায় অংশ নেওয়া কয়েক লাখ মুসল্লি শুধু বললেন, আমিন আমিন। এই ধ্বনিতে পুরো টঙ্গী এলাকা মুখরিত হয়ে ওঠে মোনাজাতের সময়।



আর মুনাজাত পরিচালনাকারী ভারতের মাওলানা জোবায়রুল হাসান দোয়া করলেন বিশ্ব মুসলিমের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায়। সেই সঙ্গে বাংলাদেশের জন্যও দোয়া করা হলো। আর এই আখেরি মোনাজাতের মধ্য দিয়েই শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। দ্বিতীয় ও শেষ পর্ব শুরু হবে আগামী ১৮ জানুয়ারি। শেষ হবে ২০ জানুয়ারি।



এদিকে আখেরি মোনাজাতে অংশ নিতে ইজতেমাস্থল টঙ্গী শহর ও এর আশপাশের এলাকা যেনো জনসমুদ্রে পরিণত হয়েছে। যতদূর চোখ যায় যেনো মানুষের ঢল নেমেছে। বন্ধ হয়ে গেছে মহাসড়কে যান চলাচল। টঙ্গী অভিমুখী বাস, ট্রাক, ট্রেন, লঞ্চসহ বিভিন্ন যানবাহনে মানুষের উপচেপড়া ভিড়।



প্রথম পর্বের আখেরি মোনাজাতে আশপাশের এলাকা থেকে আগত ধর্মপ্রাণ মানুষসহ প্রায় ৭০লাখ মুসল্লি অংশ নেবেন বলে আয়োজকরা ধারণা করছেন।



ভোর ৬টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী এবং ধউর সেতু থেকে আব্দুল্লাহপুর হয়ে প্রগতি সরণী পর্যন্ত মহাসড়ক বন্ধ রয়েছে। মূলত জরুরি গাড়ি যাতায়াতের জন্য ও যানজট এড়াতে সরকারের পক্ষ থেকে এ ব্যবস্থা নেওয়া হয়।(বাংলাপোষ্ট২৪/আর:)




শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়